মোদীর অবসর জল্পনায় নতুন মোড়!যোগী ইস্যুতে শাহ-মোদীকে কড়া বার্তা সংঘের!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:দেশের প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্ণ করেছেন নরেন্দ্র মোদী। এই উপলক্ষে কেন্দ্রীয় সরকার ও বিজেপি মোদী সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে প্রচার চালালেও, দিল্লির রাজনৈতিক মহলে নতুন করে নেতৃত্ব পরিবর্তনের জল্পনা মাথাচাড়া দিয়েছে। রাজনৈতিক সূত্রের দাবি, সংঘ প্রধান মোহন ভাগবত ২০২৬ সালের শেষের মধ্যে মোদীর হাতে থাকা প্রধানমন্ত্রীর দায়িত্ব নতুন প্রজন্মের কোনও নেতার কাছে তুলে দেওয়ার বার্তা দিয়েছেন।
এই জল্পনার কেন্দ্রে রয়েছে উত্তরপ্রদেশের রাজনীতি। বিজেপির অন্দরে অমিত শাহ ও যোগী আদিত্যনাথের মধ্যে মতপার্থক্যের খবর নিয়ে অসন্তোষ রয়েছে সংঘ নেতৃত্বের একাংশে। তাদের আশঙ্কা, যোগীকে কোণঠাসা করার কোনও রাজনৈতিক কৌশল দলের জন্য উল্টে ক্ষতিকর হতে পারে।
রাজনৈতিক মহলের মতে, উত্তরপ্রদেশে এখনও যোগী আদিত্যনাথই কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির সবচেয়ে গ্রহণযোগ্য মুখ। তাই আগামী বিধানসভা নির্বাচনে তাঁকেই সামনে রেখে লড়াইয়ের পক্ষে মত দিয়েছে সংঘ। একই সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বে প্রজন্ম পরিবর্তনের প্রয়োজনীয়তার বার্তাও ক্রমশ জোরালো করছে সংঘ পরিবার। ফলে মোদীর ভবিষ্যৎ ভূমিকা এবং বিজেপির আগামী দিনের নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
