নির্বাচনী বিপর্যয়ের পর নীরবতা ভেঙে পথে অভিষেক,শনিবার থেকেই কর্মসূচি!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:সাময়িক বিরতির পর অবশেষে রাজপথের রাজনীতিতে ফিরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সদ্য সমাপ্ত নির্বাচনে দলের অভাবনীয় ভরাডুবির পর এই প্রথম কোনো প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে চলেছেন তিনি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, শনিবার থেকেই পুরোদমে ময়দানে নামছেন তৃণমূলের এই শীর্ষ সেনাপতি।
জানা গেছে, আগামীকাল শনিবার কলকাতা এবং সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় নেতা-কর্মীদের বাড়িতে যাবেন অভিষেক। তাঁদের সঙ্গে সশরীরে দেখা করে পাশে থাকার বার্তা দেবেন তিনি। উল্লেখ্য, নির্বাচনী ফলাফলে বিপর্যয়ের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেভাবে কোনো রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকতে দেখা যায়নি।
যদিও এই সময়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আয়োজিত সাংগঠনিক বৈঠকগুলিতে নিয়মিত উপস্থিত ছিলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, শনিবারের এই কর্মসূচির হাত ধরেই ফের একবার দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে ময়দানে নামছেন অভিষেক।
