সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্লুপ্রিন্ট,১৫ জুন বাংলায় অমিত শাহ!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:ভোটপর্ব মিটতেই এবার দেশের আন্তর্জাতিক সীমান্তগুলিকে সম্পূর্ণ ‘নিশ্ছিদ্র’ করতে ময়দানে নামলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ রুখতে মোদী সরকারের তিন স্তরীয় নীতি, ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ (চিহ্নিতকরণ, নাম বাদ দেওয়া এবং বিতাড়ন), এবার কেবল রাজনৈতিক স্লোগান নয়, বরং প্রশাসনিক স্তরে বাস্তবায়িত করতে কোমর বাঁধছে নবান্ন ও নর্থ ব্লক।
এই লক্ষ্যেই আজ থেকে দেশজুড়ে চার রাজ্যের এক ম্যারাথন সীমান্ত সফরে বেরোচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই মেগা সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী ১৫ জুন বঙ্গে পা রাখছেন অমিত শাহ, যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্যের রাজনৈতিক অলিন্দ।
মঙ্গলবার সকাল থেকেই পশ্চিম সীমান্ত অর্থাৎ ভারত-পাকিস্তান সীমান্তের নিরাপত্তা খতিয়ে দেখতে নিজের সফর শুরু করেছেন অমিত শাহ। রাজস্থানের বিকানের জেলার অত্যন্ত সংবেদনশীল ‘সাঞ্চু’ বিএসএফ পোস্টে যান তিনি। সেখানে সীমান্ত সুরক্ষার তদারকি করার পাশাপাশি ফ্রন্টলাইন জওয়ানদের সঙ্গে সরাসরি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সীমান্ত পরিদর্শনের পর বিকানেরেই একটি হাই-প্রোফাইল যৌথ পর্যালোচনা বৈঠকে বসেন শাহ।
