সন্দীপ ঘোষকে বড় ধাক্কা! বেআইনি নির্মাণ ভাঙতে ৪৫ দিনের আলটিমেটাম কলকাতা পুরসভার!
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ চিকিৎসক সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ নিয়ে বড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা। বেলেঘাটার বদন রায় লেনের বাড়ির ছাদে তৈরি বেআইনি ‘পারগোলা’ ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন পুরসভার স্পেশাল অফিসার (বিল্ডিং)। অভিযোগের ভিত্তিতে তদন্তে দেখা যায়, অনুমোদিত নকশার বাইরে ছাদে পারগোলা, লোহার স্পাইরাল সিঁড়ি এবং দ্বিতীয় তলে কাঠামোগত পরিবর্তন করা হয়েছে। পুরসভার বিল্ডিং আইনের নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে। শুনানিতে সন্দীপ ঘোষ স্বীকার করেন, পারগোলাটি কমপ্লিশন প্ল্যানে ছিল না এবং তা সরানোর আবেদন জানান। সব পক্ষের বক্তব্য শোনার পর পুরসভা বেআইনি অংশ অপসারণের নির্দেশ দেয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে মিউনিসিপ্যাল বিল্ডিং ট্রাইব্যুনালে আপিল করার সুযোগও রাখা হয়েছে।

