NewsPublic Interest News

কলকাতা-পুরী সহ ছয় রুটে সরকারি ভলভো বাস পরিষেবা,ভাড়া কমবে ৩০-৪০ শতাংশ

জিৎ দত্ত,মানুষের মতামত:এবার কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য আর শুধু বেসরকারি বাসের উপর নির্ভর করতে হবে না। রাজ্য সরকার প্রথমবারের মতো চালু করতে চলেছে সরকারি পরিচালিত ভলভো বাস পরিষেবা। শুধু পুরীই নয়, দিঘা, মায়াপুর, তারাপীঠ, শিলিগুড়ি এবং পুরুলিয়াতেও শুরু হবে একই ধরনের অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে ৯,৬০০ সিসি ক্ষমতাসম্পন্ন ছয়টি ভলভো বাস কেনা হয়েছে। প্রতিটি বাসে চালক ও সহ-চালকের আসন বাদ দিয়ে যাত্রীদের জন্য থাকছে ৪৩টি আরামদায়ক পুশব্যাক আসন, সঙ্গে রিডিং লাইট ও উন্নত নিরাপত্তাব্যবস্থা। করুণাময়ী ও ধর্মতলা হয়ে চলবে এই বাসগুলি।

এই পরিষেবায় যাত্রীদের সুবিধার্থে ভাড়া নির্ধারণ করা হবে বেসরকারি বাসের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ কম। যেখানে বেসরকারি সংস্থাগুলি দীর্ঘদিন ধরে এই জনপ্রিয় রুটগুলিতে ভাড়া বাড়িয়ে চলেছে, সেখানে সরকারি বাসে ভাড়া হবে নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত। দিঘা, পুরী, তারাপীঠ, শিলিগুড়ি, পুরুলিয়ার মতো রুটে ভলভো বাসের চাহিদা ভেবে বাড়ানো হচ্ছে এই পরিষেবা।

পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, বাংলা নববর্ষ থেকেই পর্যটকরা এই নতুন বাসে যাত্রা করতে পারবেন। উদ্বোধনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই অনলাইনে টিকিট বুকিং শুরু হবে। ভবিষ্যতে কলকাতা-বকখালি, কলকাতা-মন্দারমণি রুটেও ভলভো পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

এই উদ্যোগে পর্যটকদের যাত্রা যেমন আরও আরামদায়ক হবে, তেমনই যাত্রী নিরাপত্তা ও ভাড়ার স্বচ্ছতায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছে প্রশাসন।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *