শুক্রবার, অক্টোবর 30, 2026
00:52:22 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ উৎপাদনে দেশের সেরা পশ্চিমবঙ্গ,কেন্দ্রীয় রিপোর্টে পহেলা নম্বরে সান্তালডিহি

জিৎ দত্ত,মানুষের মতামত:আবারও দেশের সেরা বাংলা। এবার তাপবিদ্যুৎ উৎপাদনে নজির গড়ল পশ্চিমবঙ্গ। দেশের ২০১টি তাপবিদ্যুৎ প্রকল্পের মধ্যে কাজের দক্ষতার নিরিখে শীর্ষ স্থান দখল করল রাজ্যের সান্তালডিহি বিদ্যুৎ কেন্দ্র। রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলের রাজ্যের মানুষের উদ্দেশে তাঁর বার্তা, “আমরাই আবার সেরা! পশ্চিমবঙ্গ ফের প্রমাণ করল, আমরা এগিয়ে। এই কৃতিত্ব বাংলার মানুষের। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।”

কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ সম্প্রতি দেশের সমস্ত তাপবিদ্যুৎ প্রকল্পের কর্মদক্ষতা বিচার করে যে বার্ষিক তালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে— রাজ্যের সান্তালডিহি কেন্দ্রের উৎপাদনের হার দাঁড়িয়েছে ৯৪.৩৮ শতাংশ। এই হার গোটা দেশের মধ্যে সর্বোচ্চ।

কেবল সান্তালডিহিই নয়, দেশের সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে রাজ্যের আরও তিনটি বিদ্যুৎ প্রকল্প। বক্রেশ্বর বিদ্যুৎ কেন্দ্র ৯৩.৩ শতাংশ উৎপাদনের হার নিয়ে তালিকায় দ্বিতীয়। সাগরদিঘি চতুর্থ (৯০.৮৬ শতাংশ) এবং বান্দেল নবম স্থানে (৮৯.৬২ শতাংশ) রয়েছে।

এই সাফল্যকে আরও উজ্জ্বল করে তুলেছে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের সামগ্রিক কর্মদক্ষতা। সংস্থার গড় উৎপাদনের হার ৮৮.৯ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এই নিরিখে তারা পিছনে ফেলে দিয়েছে বহু অভিজ্ঞ ও প্রভাবশালী সংস্থাকে।

বিশেষজ্ঞদের মতে, এই অভূতপূর্ব সাফল্যের পেছনে রয়েছে দক্ষ পরিচালনা, পরিকাঠামোয় নিয়মিত উন্নয়ন এবং রাজ্য সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বিদ্যুৎ উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ খাতে এমন ধারাবাহিক উন্নতি বাংলাকে দেশের বাকি অংশের কাছে এক নতুন মানদণ্ড স্থাপন করতে সাহায্য করছে।

রাজ্য প্রশাসনের মতে, এই কৃতিত্ব কেবল একটি বিভাগের নয়— এটি গোটা বাংলার। শিল্পবান্ধব পরিকাঠামো গঠনের ক্ষেত্রে এই সাফল্য আগামী দিনে আরও বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন