আলিপুরদুয়ারের কালচিনি হ্যামিল্টনগঞ্জ মেলায় শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই একাধিক দোকান ও আশপাশের বাড়ির অংশ। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।
তপন রায়,মানুষের মতামত:কালচিনির হ্যামিল্টনগঞ্জ মেলায় শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আচমকাই মেলায় আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে একাধিক দোকানে। আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান এবং আশপাশের বাড়ির কিছু অংশ।
মেলায় কাপড়ের দোকান-সহ বিভিন্ন দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা জোরকদমে কাজ শুরু করেন।
অগ্নিকাণ্ডের জেরে মেলা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। পাশাপাশি অগ্নিকাণ্ডে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
