বৃহস্পতিবার, অক্টোবর 8, 2026
03:44:02 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দুর্গাপুজোর পরেই পুরভোটের ঘোষণা?২৮ নভেম্বর ভোটের প্রস্তাব, ২ ডিসেম্বর গণনা

রাজ্যে ৭ পুরসভায় পুরভোটের প্রস্তুতি চূড়ান্ত। কমিশনের প্রস্তাব অনুযায়ী ২৮ নভেম্বর ভোটগ্রহণ ও ২ ডিসেম্বর গণনা হতে পারে। সরকারি সম্মতির অপেক্ষা।

দেবাশীষ সেনগুপ্ত,মানুষের মতামত:রাজ্যে সাত পুরসভায় ভোটের দামামা বেজে উঠল। পুর ভোটের প্রস্তুতি চূড়ান্ত করতে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক করল রাজ্য নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দু’দফার বৈঠকে কমিশন ২৮ শে নভেম্বর ভোটগ্রহণ এবং ২ রা ডিসেম্বর গণনার প্রস্তাব দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এ বিষয়ে রাজ্য সরকারের সম্মতিও চাওয়া হয়েছে। সম্মতি মিললেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে কমিশন।

সূত্রের খবর, কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভায় নির্বাচন করানোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে রাজ্য নির্বাচন কমিশন। এদিনের বৈঠকে ভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় পুলিশ বাহিনীর সংখ্যা ও নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে রাজ্য পুলিশের কাছ থেকে বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে।এ দিন সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সঙ্গেও পৃথক বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। সেখানে শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পুরসভাগুলির নির্বাচন-প্রস্তুতির অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে।

দীর্ঘদিন ধরে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে হাওড়া পুরসভা। কলকাতা পুরসভাতেও নির্বাচনের অপেক্ষা দীর্ঘ হয়েছে। ফলে এই দুই পুরসভাকে ঘিরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসন। সূত্রের খবর, দুর্গাপুজো শেষ হলেই রাজ্যের সম্মতি সাপেক্ষে পুরভোটের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন