বৃহস্পতিবার, অক্টোবর 8, 2026
03:44:15 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বকেয়া গাড়ির করের পুরোটা আর দিতে হবে না?৪০% ছাড়ের পথে রাজ্য, কীভাবে মিলবে সুবিধা?

গাড়ির বকেয়া কর আদায়ে ওয়েভার স্কিমের প্রস্তাব রাজ্যের। সর্বোচ্চ ৪০% রিবেট দেওয়ার কথা ভাবা হচ্ছে। অনুমোদন মিললে বকেয়া টাকার ৬০% দিয়েই কর মেটানোর সুযোগ পেতে পারেন গাড়ির মালিকেরা।

দেবাশীষ সেনগুপ্ত,মানুষের মতামত:বকেয়া থাকা গাড়ির কর আদায়ে এবার ওয়েভার স্কিম চালুর পথে রাজ্য সরকার। প্রস্তাবিত এই স্কিমে বকেয়া করের উপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ, স্কিম কার্যকর হলে গাড়ির মালিকদের বকেয়া টাকার ৬০ শতাংশ মিটিয়েই করের দায় মেটানোর সুযোগ মিলতে পারে। মঙ্গলবার বেসরকারি বাসমালিকদের সঙ্গে বৈঠকের পর এমনই ইঙ্গিত দিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।পরিবহণ দপ্তর সূত্রে খবর, ট্যাক্স, পারমিট, লাইসেন্স-সহ বিভিন্ন খাতে মোট প্রায় ১,৭০০ কোটি টাকা বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা এই বিপুল বকেয়া আদায়ে গত মাসের গোড়া থেকেই বিশেষ অভিযান শুরু করেছে পরিবহন দপ্তর। কিন্তু তাতেও এখনও পর্যন্ত আশানুরূপ সাড়া মেলেনি। গত এক মাসেরও বেশি সময়ে বকেয়া বাবদ ১০০ কোটির কিছু বেশি টাকা জমা পড়েছে বলে দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে।

এই পরিস্থিতিতে বকেয়া করের উপর ছাড় দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন বাসমালিকদের একাংশ। মঙ্গলবার তাঁদের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে পরিবহণমন্ত্রী বলেন, ট্যাক্স, পারমিট, লাইসেন্স-সহ বিভিন্ন খাতে প্রায় ১,৭০০ কোটি টাকা বকেয়া রয়েছে। বাসমালিকেরা ছাড়ের আবেদন জানিয়েছেন। আমরাও অর্থ দপ্তরকে ৪০ শতাংশ রিবেট দেওয়ার কথা বলেছি। অনুমোদন মিললে বকেয়া করের ৬০ শতাংশ গাড়ির মালিকদের দিতে হবে।দপ্তর সূত্রে আরও খবর, বর্তমানে রাজ্যে সাড়ে তিন লক্ষেরও বেশি গাড়ির কর বকেয়া রয়েছে। বকেয়া অর্থের পরিমাণ দেড় হাজার কোটি টাকারও বেশি। দীর্ঘদিন ধরে কর না দেওয়া গাড়িগুলির বিরুদ্ধে অভিযান চললেও ওয়েভার স্কিম চালুর সম্ভাবনার খবর সামনে আসায় অনেক গাড়ির মালিক বকেয়া মেটানোর ক্ষেত্রে অপেক্ষা করছিলেন। প্রস্তাবিত স্কিম কার্যকর হলে তাঁদের তুলনামূলক কম টাকায় পুরনো বকেয়া মেটানোর সুযোগ তৈরি হবে।

বকেয়া করের পাশাপাশি জরিমানা নিয়েও মঙ্গলবারের বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে পুলিশের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। ওয়েভার স্কিমের চূড়ান্ত কাঠামো অবশ্য অর্থ দপ্তরের অনুমোদনের পরই স্পষ্ট হবে।এ দিন বেসরকারি বাসের রুট নিয়ে অভিযোগও ওঠে। নির্ধারিত রুটের বাইরে বেআইনি ভাবে বাস চালানো হলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবহণমন্ত্রী। তাঁর অভিযোগ, বেশ কিছু বাস অনুমোদিত রুটের বাইরে চলাচল করছে। অর্জুন সিং বলেন, ‘বহু বাস বেআইনি ভাবে রুট বদলে দেয়। বাসমালিকেরা বিষয়টি নিয়ে একাধিক বার অভিযোগ করেছেন। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।

বেসরকারি বাস চলাচলে টোটোর দৌরাত্ম্য নিয়েও বৈঠকে আলোচনা হয়। পরিবহণমন্ত্রীর দাবি, আগের তুলনায় টোটোর সমস্যা কিছুটা কমেছে এবং পুলিশও এ বিষয়ে পদক্ষেপ করছে। যদিও বাসমালিকদের অভিযোগ, বিভিন্ন এলাকায় টোটোর কারণে এখনও বেসরকারি বাস চলাচলে সমস্যা হচ্ছে।পুজোর সময়ে বেসরকারি বাস ধরপাকড়ের বিষয়টিও বৈঠকে তোলা হয় বলে বাসমালিক সংগঠন সূত্রে খবর। তাঁদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে।সারা বাংলা বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানান ‘আলোচনা সদর্থক হয়েছে। ওয়েভার স্কিম আসবে বলে মন্ত্রী জানিয়েছেন। এতে গাড়ির মালিকদের সুবিধা হবে।’সিটি সাবার্বান বাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘‘আমরা আমাদের সমস্যাগুলি মন্ত্রীকে জানিয়েছি। তিনি সেগুলি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন।’’

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন