পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া নিয়ে অবস্থান স্পষ্ট করল সিইও দফতর। নির্বাচন কমিশনের নির্দেশ ও জনপ্রতিনিধিত্ব আইন মেনেই ভোটার তালিকা সংশোধন হবে। নতুন ও বাদ পড়া যোগ্য ভোটাররা ফর্ম ৬-এর মাধ্যমে নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:ভোটার তালিকার বিশেষ সংশোধন বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ ও নিয়ন্ত্রণ মেনেই কাজ করতে হবে। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নের মধ্যেই মঙ্গলবার এই অবস্থান স্পষ্ট করেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
সিইও দফতর জানিয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০ এবং নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম মেনেই ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত কাজ পরিচালিত হবে। অর্থাৎ, বিশেষ সংশোধনের ক্ষেত্রে রাজ্য সিইও দফতরের নিজস্ব কোনও পৃথক বিধি নয়, নির্বাচন কমিশনের নির্ধারিত কাঠামোই কার্যকর হবে।একইসঙ্গে বাদ পড়ে যাওয়া যোগ্য ভোটারদের জন্যও আবেদনের পথ স্পষ্ট করা হয়েছে। বিশেষ সংশোধন প্রক্রিয়ায় কোনও যোগ্য ভোটারের নাম বাদ পড়লে ফর্ম ৬ জমা দিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের পাশাপাশি সংশ্লিষ্ট বুথ স্তরের আধিকারিকের কাছেও ফর্ম ৬ জমা দেওয়া যাবে।
শুধু বাদ পড়া ভোটার নন, নতুন ও প্রথমবারের ভোটারদের জন্যও রয়েছে একই সুযোগ। ১৮ বছর বয়স পূর্ণ করা যোগ্য নাগরিকরা অনলাইনে অথবা বুথ স্তরের আধিকারিকের মাধ্যমে ফর্ম ৬ জমা দিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন।অর্থাৎ, বিশেষ সংশোধন প্রক্রিয়ায় নাম সংযোজন বা সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়াই চূড়ান্ত নির্দেশিকা হিসেবে কার্যকর হবে।
