বসিরহাটের হিঙ্গলগঞ্জের বুলতলা এলাকায় নেবুখালি রোডে দুর্ঘটনা। স্থানীয়দের হাতে আটক মিনি ট্রাক ও চালক। যানজটে আটকে পড়েন পরীক্ষার্থী ও অফিসযাত্রীরা।
হাসানুজ্জামান,মানুষের মতামত: মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জের বুলতলা এলাকার নেবুখালি রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে দ্রুতগতির একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহীকে ধাক্কা মারে। রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন বাইক আরোহী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার পর মিনি ট্রাকটি পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা সেটিকে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। পুলিশ মিনি ট্রাক ও চালককে আটক করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার জেরে নেবুখালি রোডে যানজট তৈরি হয়। আজ কলেজ পড়ুয়াদের পরীক্ষা থাকায় সমস্যায় পড়েন পরীক্ষার্থী ও অফিসযাত্রীরা। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় দ্রুত যানজট নিয়ন্ত্রণে এনে পরীক্ষার্থীদের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হয়।
