বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ২৭ সেপ্টেম্বর কলকাতার তাজ বেঙ্গলে ‘ইনভেস্টরস মিট’ হোটেল,টি-ট্যুরিজম, রোপওয়ে,হেরিটেজ ও নদী পর্যটনে একাধিক প্রকল্পের ঘোষণা হতে পারে।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর কলকাতার তাজ বেঙ্গলে বিশেষ ‘ইনভেস্টরস মিট’ আয়োজন করছে পশ্চিমবঙ্গ পর্যটন দফতর। অনুষ্ঠানে হসপিটালিটি, পর্যটন ও বিনিয়োগ ক্ষেত্রের একাধিক সংস্থা অংশ নেবে। ‘From Intent to Investment’ থিমে রাজ্যকে বিনিয়োগ-উপযোগী পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরা হবে।
হোটেল, টি-ট্যুরিজম, উত্তরবঙ্গের রিসর্ট, হেরিটেজ, অবসর, ওয়েলনেস এবং মাইস (MICE) প্রকল্পে একাধিক বিনিয়োগের ঘোষণা হতে পারে। একই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন ওয়েবসাইট এবং পরে সমন্বিত ট্যুরিজম অ্যাপ চালুর পরিকল্পনাও রয়েছে।
রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়নে মিরিক লেক, নদী পর্যটন, চন্দননগরের ঐতিহ্য সংরক্ষণ, বিষ্ণুপুর, সুন্দরবন, ১০৮টি ধর্মীয় পর্যটন সার্কিট এবং একাধিক রোপওয়ে প্রকল্পে কাজ এগোচ্ছে। উত্তর ও দক্ষিণবঙ্গে মোট সাতটি রোপওয়ে নিয়ে সমীক্ষাও চলছে।পাশাপাশি দার্জিলিং–কার্শিয়াং–মিরিককে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তাকি, নবদ্বীপ, কোচবিহার ও পুরুলিয়ায় নতুন পর্যটন সম্পত্তি তৈরির পরিকল্পনাও রয়েছে।
