শুক্রবার, সেপ্টেম্বর 25, 2026
22:22:37 | কলকাতা
সর্বশেষ সংবাদ

লরি উল্টে পুকুরে! বেহাল রাস্তা ঘিরে বাদুড়িয়ায় ক্ষোভ,কবে হবে সংস্কার?

বসিরহাটের বাদুড়িয়ায় যদুরহাটি হসপিটাল মোড় থেকে নারায়ণপুর পর্যন্ত প্রায় ৫ কিমি রাস্তা বেহাল।গর্তে জল জমে বিপজ্জনক পরিস্থিতি, উল্টে পড়ল গমবোঝাই লরি।

হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাটের বাদুড়িয়ার যদুরহাটি হসপিটাল মোড় থেকে নারায়ণপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ। রাস্তার বড় বড় গর্তে জল জমে তৈরি হয়েছে পুকুরের মতো পরিস্থিতি। অভিযোগ, এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি রেশন দোকানের গমবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে।

স্থানীয়দের দাবি, রাস্তার দু’প্রান্তে হাসপাতাল, হাইস্কুল ও একাধিক প্রাথমিক স্কুল থাকায় প্রতিদিন ছাত্রছাত্রী, রোগী, গর্ভবতী মহিলা-সহ বহু মানুষ এই রাস্তা ব্যবহার করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে অ্যাম্বুল্যান্স ও অন্যান্য যান চলাচলেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ।

এলাকাবাসীর একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। স্থানীয় বিজেপি নেতা দীপঙ্কর মণ্ডল রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিবুল্লা মণ্ডল জানান, রাস্তার সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশা রয়েছে।

Share with

Related Stories -