দার্জিলিংয়ের তকদা ক্যান্টনমেন্ট হাসপাতালে ভোররাতে আচমকা ধস। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন এক কেয়ারটেকার। দীর্ঘ চেষ্টায় তাঁকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তপন রায়,মানুষের মতামত:ভোররাতে পাহাড়ি ধসের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হল দার্জিলিংয়ের তকদা ক্যান্টনমেন্ট হাসপাতাল চত্বরে। শুক্রবার ভোর সাড়ে ৩টা নাগাদ হাসপাতালের একটি অংশে আচমকা ধস নামে। সেই সময় হাসপাতালের ভিতরে থাকা ছয়জনের মধ্যে এক রোগীর কেয়ারটেকার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। খবর পেয়েই স্থানীয় উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। পরে চিকিৎসার জন্য তাঁকে দার্জিলিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।
হাসপাতালে থাকা বাকি পাঁচজন কোনওরকমে নিরাপদে বেরিয়ে আসেন। তাঁদের কারও আঘাত লাগেনি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তকদা রুরাল হাসপাতাল রংলি রংলিয়ট ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যকেন্দ্র। ধসের জেরে হাসপাতাল ভবনের ক্ষয়ক্ষতি এবং আরও কোনও অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাহাড়ে ফের ভারী বৃষ্টি হলে নতুন করে ধসের আশঙ্কাও রয়েছে।
