দিনমজুর বাবার সংসার, আর্থিক প্রতিকূলতার মধ্যেও সাফল্য। ময়নাগুড়ির উত্তর মাধবডাঙ্গার অবিনাশ, কমলেশ ও পম্পা রায় একসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের মেধাতালিকায় স্থান পেয়েছেন।
তপন রায়,মানুষের মতামত:অভাব ছিল নিত্যসঙ্গী। সংসারে আর্থিক টানাপোড়েন, বাবার দিনমজুরির অনিশ্চিত আয়, আর তার মধ্যেই পড়াশোনা চালিয়ে যাওয়ার লড়াই। কিন্তু সেই প্রতিকূলতাই শেষ পর্যন্ত হার মানল তিন ভাইবোনের অদম্য জেদের কাছে। ময়নাগুড়ির উত্তর মাধবডাঙ্গার একই পরিবারের অবিনাশ রায়, কমলেশ রায় ও পম্পা রায় ২০২৪ সালের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন।
সাত সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ভরসা বাবা জিতেন রায়, পেশায় দিনমজুর। বড় ছেলে অবিনাশ ভূগোল নিয়ে এমএ পাশ করেছেন। পম্পা ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করেছেন। আর কমলেশ উচ্চমাধ্যমিকের পর আর্থিক কারণে রাজমিস্ত্রির কাজ করেও পড়াশোনা চালিয়ে যান।
দিনে শ্রম, সুযোগ পেলেই পড়াশোনা—এভাবেই চলেছে তাঁর লড়াই। পরে ভাই-বোন তিনজন একসঙ্গে পুলিশের চাকরির প্রস্তুতি নেন। শেষ পর্যন্ত একইসঙ্গে সাফল্য আসে। তাঁদের এই জয় এখন ময়নাগুড়ির মানুষের কাছে অনুপ্রেরণার গল্প।
