জলপাইগুড়ির ময়নাগুড়িতে নাবালিকা ধর্ষণ মামলায় ইংরেজির শিক্ষক নিতাই বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বিশেষ পকসো আদালত। জরিমানা ও ক্ষতিপূরণেরও নির্দেশ।
তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়িতে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত গৃহশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিশেষ পকসো আদালত। ঘটনাটি ২০২৪ সালের আগস্ট মাসে ময়নাগুড়ি থানা এলাকায় ঘটেছিল বলে অভিযোগ। দশম শ্রেণির ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইংরেজির শিক্ষক নিতাই বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগ, পড়ানোর কথা বলে ওই ছাত্রীকে ডেকে নিয়ে যান অভিযুক্ত শিক্ষক। এরপর জোর করে তাকে একটি রিসোর্টে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। মামলার তদন্তের পর আদালতে বিচারপ্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার দীর্ঘ শুনানি শেষে মোট ৯ জনের সাক্ষ্য ও বিভিন্ন প্রমাণের ভিত্তিতে নিতাই বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে আদালত।
আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নির্যাতিতার পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় ছাত্রীর গোপন জবানবন্দিও গ্রহণ করা হয়েছিল।
