পুরভোটের ঘণ্টা বাজল? রাজ্যে এসে গেল ৪০ হাজারের বেশি ইভিএম
পুরভোটের প্রস্তুতিতে রাজ্যে পৌঁছল ৪০ হাজারের বেশি নতুন ইভিএম। কলকাতা, হাওড়া-সহ সাত পুরসভায় নভেম্বরের শেষ সপ্তাহে ভোটের সম্ভাবনা ঘিরে প্রস্তুতি শুরু।
স্নেহাশীষ মুখার্জী, মানুষের মতামত:পুরভোটের প্রস্তুতিতে গতি বাড়াল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে ৪০ হাজারেরও বেশি নতুন ইভিএম। এর মধ্যে রয়েছে ২১,১৮৪টি ব্যালট ইউনিট এবং ১৯,৫৬৪টি কন্ট্রোল ইউনিট।
কলকাতা পুর এলাকার ডিলিমিটেশন নিয়ে জল্পনার মধ্যেই ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে ইভিএম সংগ্রহে গুরুত্ব দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থায় মেশিনগুলি সংরক্ষণ করা হবে। পাশাপাশি প্রযুক্তিগত ত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে।
পরবর্তী ধাপে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জেলায় ইভিএম পাঠানো, ভোটকর্মীদের প্রশিক্ষণ এবং ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হবে।কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, নভেম্বরের শেষ সপ্তাহে কলকাতা, হাওড়া-সহ সাত পুরসভায় নির্বাচন হতে পারে। তালিকায় রয়েছে কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, ধুপগুড়ি ও বালিও। গণনা ডিসেম্বরের শুরুতে হতে পারে।
