নিয়োগপত্র, অ্যাডমিট কার্ড—সবই কি ভুয়ো? নদিয়ায় গ্রেফতার বিজেপি নেতার ভাইপো
নদিয়ায় সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে মন্টু বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। নকল নিয়োগপত্র ও অ্যাডমিট কার্ড দেওয়ার অভিযোগও উঠেছে।
স্নেহাশিস মুখার্জি, মানুষের মতামত:সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে নদিয়ায় গ্রেফতার হলেন মন্টু বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজেকে বন দফতরের আধিকারিক পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দফায় দফায় ১ লক্ষ, ২ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। এমনকি চাকরির নকল নিয়োগপত্র এবং পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ারও অভিযোগ উঠেছে। কল্যাণী, রানাঘাট ও শান্তিপুর থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। বুধবার কল্যাণী থানার পুলিশ মন্টু বিশ্বাসকে গ্রেফতার করে। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সংবাদসূত্রে তাঁকে স্থানীয় বিজেপি নেতা দীপক বিশ্বাসের ভাইপো বলে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা যাচাই করছে পুলিশ।
