একটি জাল জন্ম শংসাপত্রের সূত্র, তারপরই পুলিশের জালে ২!কী উঠে এল তদন্তে?
জাল জন্ম-মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগে মালবাজারের প্রাক্তন পুরকর্মী প্রসেঞ্জিত দত্ত ও মেটেলির আজম খান পাঠানকে গ্রেফতার করেছে কালিম্পং পুলিশের বিশেষ তদন্তকারী দল।
তপন রায়,মানুষের মতামত:ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র তৈরির অভিযোগে জলপাইগুড়ির মালবাজার থেকে দু’জনকে গ্রেফতার করল কালিম্পং পুলিশের বিশেষ তদন্তকারী দল। ধৃতদের মধ্যে রয়েছেন মালবাজার পুরসভার প্রাক্তন কর্মী প্রসেঞ্জিত দত্ত এবং মেটেলির বাসিন্দা আজম খান পাঠান। কয়েকদিন আগে মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে ভারতে থাকার অভিযোগে আফগান নাগরিক সৈয়দ বিলাল খানকে গ্রেফতার করে কালিম্পং পুলিশ। তদন্তে তাঁর ব্যবহৃত জন্ম শংসাপত্রটি জাল বলে অভিযোগ ওঠে। সেই সূত্র ধরেই প্রসেঞ্জিতের নাম সামনে আসে।
অভিযোগ,পুরসভার জন্ম-মৃত্যু শংসাপত্র বিভাগের দায়িত্বে থাকাকালীন তৎকালীন পুরপ্রধান ও আধিকারিকদের ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করে জাল শংসাপত্র তৈরি করা হত। এদিন মালবাজার পুরসভায় নথি খতিয়ে দেখার পর পুলিশ ১০ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে প্রসেঞ্জিতকে গ্রেফতার করে। অন্যদিকে,মেটেলি থেকে আজম খান পাঠানকেও গ্রেফতার করা হয়। দু’জনকেই কালিম্পং আদালতে তোলা হবে।
