দীঘায় উত্তাল সমুদ্র,প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নামলেন জলে!আচমকা বড় ঢেউ,তারপর কী হল?
দীঘায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে স্নান করতে নেমে ১৪ বছরের কিশোরী নিখোঁজ। বড় ঢেউয়ে তিনজন তলিয়ে গেলেও দু’জনকে উদ্ধার করা হয়েছে। কিশোরীর খোঁজে তল্লাশি চলছে।
রাজকুমার বেরা,মানুষের মতামত:নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও দীঘায় সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল ১৪ বছরের এক কিশোরী। বৃহস্পতিবার দুপুরে দীঘা পর্যটন কেন্দ্রের হাসপাতাল সংলগ্ন স্নানঘাটে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার নৈহাটি থেকে প্রায় ১৭ জনের একটি দল দীঘায় বেড়াতে এসেছিল। দুপুর দুটো নাগাদ শাহাবুদ্দিন খান, তাঁর স্ত্রী ও দুই কন্যা সমুদ্রে নামেন। সেই সময় বড় ঢেউয়ের ধাক্কায় কাশমিরা খাতুন-সহ আরও দু’জন তলিয়ে যেতে থাকেন। স্থানীয় ও পর্যটকদের তৎপরতায় দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও কাশমিরাকে উদ্ধার করা যায়নি। খবর পেয়ে দীঘা থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল ও নুলিয়ারা তল্লাশি শুরু করেন। রাত আটটা পর্যন্ত নিখোঁজ কিশোরীর সন্ধান মেলেনি। উত্তাল সমুদ্রের কারণে প্রশাসনের তরফে বারবার পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছিল। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
