২০০৮ থেকে ২০১৫ সালের বকেয়া ডিএ এককালীন মেটানোর বিজ্ঞপ্তি জারি করল রাজ্য অর্থ দফতর। GPF, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ২০২৮ পর্যন্ত লক-ইন ও TDS নিয়ে কী শর্ত রয়েছে? জানুন বিস্তারিত।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:দীর্ঘ আইনি লড়াই, আন্দোলন এবং কর্মচারী সংগঠনগুলির ধারাবাহিক দাবির আবহে ২০০৮ থেকে ২০১৫ সালের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মেটানোর ক্ষেত্রে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবার অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,১ এপ্রিল ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সময়ের বকেয়া ডিএ এককালীন কিস্তিতে মেটানো হবে।এর আগে চলতি বছরের মার্চে ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। এবার তার আগের সময়ের বকেয়া নিয়েও বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর।
তবে বকেয়া অর্থ প্রদানের ক্ষেত্রে রয়েছে একাধিক শর্ত। গ্রুপ ‘এ’, ‘বি’ ও ‘সি’ কর্মীদের বকেয়া ডিএ তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) অ্যাকাউন্টে জমা করা হবে। গ্রুপ ‘ডি’ কর্মীদের ক্ষেত্রে অর্থ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদে প্রদান করা হবে।অবসরের কাছাকাছি থাকা কর্মীদের জন্য অবশ্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। যাঁদের অবসরের তিন মাসের মধ্যে চূড়ান্ত GPF নিষ্পত্তি হওয়ার কথা, তাঁদের বকেয়া অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, GPF-এ জমা হওয়া বকেয়া অর্থ সাধারণভাবে ২০২৮ সালের ৩১ মার্চের আগে তোলা যাবে না। তবে অবসর, মৃত্যু বা পদত্যাগের মতো বিশেষ পরিস্থিতিতে অর্থ উত্তোলনের সুযোগ থাকবে।বকেয়া ডিএ প্রদানের ক্ষেত্রেও করের নিয়ম মানা হবে। প্রচলিত বিধি অনুযায়ী TDS কেটে অর্থ প্রদান করা হবে। প্রয়োজনে অতীতের বকেয়া করও এই অর্থ থেকে সমন্বয় করা হতে পারে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে,সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI)-এর ভিত্তিতে ১০০ শতাংশ নিরপেক্ষকরণ ধরে বকেয়া ডিএ-র হিসাব করা হবে। ২০১৬-২০১৯ সময়কালের জন্য ইতিমধ্যে কোনও অর্থ প্রদান করা হয়ে থাকলে, তার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে চূড়ান্ত বকেয়া নির্ধারণ করা হবে।পরিষেবা সংক্রান্ত নথি ও বেতন রেকর্ড যাচাই করে সংশ্লিষ্ট কর্মীদের বকেয়া অর্থের বিল প্রস্তুত করা হবে। পরে হিসাবের ক্ষেত্রে কোনও ভুল বা অতিরিক্ত অর্থ প্রদান ধরা পড়লে সংশ্লিষ্ট কর্মীর কাছ থেকে সেই অর্থ পুনরুদ্ধারের ব্যবস্থাও রাখা হয়েছে বিজ্ঞপ্তিতে।
