বারুইপুর আদালতে আইনজীবী সায়ন ব্যানার্জিকে হেনস্থার অভিযোগ ঘিরে প্রতিবাদ। ঘটনার প্রতিবাদে বসিরহাট আদালতের আইনজীবীদের মিছিল ও বিক্ষোভ।
প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:বারুইপুর আদালত চত্বরে আইনজীবী সায়ন ব্যানার্জিকে হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হলেন বসিরহাট আদালতের আইনজীবীরা। অভিযোগ, দু’দিন আগে এসএফআই-এর কয়েকজন ছাত্রের জামিনের শুনানিতে বারুইপুর আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সায়ন ব্যানার্জি। ওই ছাত্রদের জামিন মঞ্জুর হওয়ার পর আদালত চত্বরে সায়ন ব্যানার্জি ও তাঁর সহকর্মীদের উদ্দেশে ডিম ছোড়া এবং ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে।
এই ঘটনার প্রতিবাদে আজ বসিরহাট আদালতের আইনজীবীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিল থেকে আইনজীবীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দাবি জানানো হয়। ঘটনার প্রতিবাদে বক্তব্য রাখেন আইনজীবী কিংকর কান্তি রায়, বিশ্বজিৎ রায় এবং অমিত মজুমদার। তাঁদের বক্তব্যে আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে এমন আচরণের নিন্দা জানানো হয়।
