বোতল-ওয়ালপেপারের আড়ালে কী ছিল?নাভা শেভা বন্দরে উদ্ধার ১০ হাজার কেজি আতশবাজি
নাভা শেভা বন্দরে DRI-এর অভিযানে বোতল ও ওয়ালপেপারের আড়ালে লুকিয়ে আনা প্রায় ১০ হাজার কেজি আতশবাজি উদ্ধার। বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।গ্রেফতার সিন্ডিকেটের মূল সদস্য।
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:মুম্বইয়ের নাভা শেভা বন্দরে গোপন অভিযানে প্রায় ১০,০০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। উদ্ধার হওয়া বাজির বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। DRI সূত্রে জানা গিয়েছে, বোতল ও ওয়ালপেপার আমদানির ঘোষণা দিয়ে একটি কনটেনারের মধ্যে বিপুল পরিমাণ বাজি লুকিয়ে আনা হয়েছিল। তল্লাশিতে মোট ১৯,৮০০টি বাজি, যা ‘২৮৮ গ্যাটলিং’ নামে পরিচিত, উদ্ধার হয়। কনটেনারের প্রথম তিন সারিতে ঘোষিত পণ্য থাকলেও বাকি অংশ প্রায় সম্পূর্ণই বাজিতে ভর্তি ছিল। বাজি ও ঘোষিত পণ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬২ অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে। বিদেশ বাণিজ্য নীতিতে বাজি আমদানি ‘Restricted’ এবং এর জন্য DGFT-এর অনুমোদন ও PESO-র প্রয়োজনীয় লাইসেন্স বাধ্যতামূলক। তদন্তে চোরাচালানের সঙ্গে যুক্ত সিন্ডিকেটের এক মূল সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
