মঙ্গলবার, নভেম্বর 10, 2026
03:34:59 | কলকাতা
সর্বশেষ সংবাদ

তিন সরকার,তিন শিল্পনীতি:বন্ধ কারখানা থেকে নতুন বিনিয়োগ—বাংলার শিল্পে কি বদলের ইঙ্গিত?

বন্ধ কারখানার দীর্ঘ অধ্যায় পেরিয়ে আমুল, রিলায়েন্স ও বিড়লার মতো শিল্পগোষ্ঠীর সঙ্গে নতুন করে বিনিয়োগের আলোচনা—কর্মসংস্থানে কতটা বদল আসে,এখন সেদিকেই নজর।

নাজমুল হাসান,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের শিল্পনীতিতে গত কয়েক দশকে তিনটি ভিন্ন পর্যায় দেখা গিয়েছে।১৯৭৭ থেকে ২০১১ সালের বামফ্রন্ট আমলে ডানলপ,জেসপ, হিন্দুস্তান কেবলস, হিন্দুস্তান ফার্টিলাইজার-সহ একাধিক শিল্প দীর্ঘদিন সংকটে ছিল।শ্রমিক অসন্তোষ, ধর্মঘট-লকআউট, পুরনো প্রযুক্তি,আর্থিক ও ব্যবস্থাপনাগত সমস্যা এবং কেন্দ্রীয় নীতির প্রভাবও ছিল এর পিছনে।বামফ্রন্টের শেষ দিকে বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পায়নে জোর দেন। সিঙ্গুরে টাটা মোটরসের ন্যানো কারখানা ও নন্দীগ্রামে শিল্পপ্রকল্প আনার উদ্যোগ তারই অংশ ছিল। তবে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে আন্দোলনের জেরে সিঙ্গুরের প্রকল্প শেষ পর্যন্ত রাজ্যের বাইরে চলে যায়।

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর শিল্পবান্ধব পরিবেশ তৈরি এবং বিনিয়োগে বিভিন্ন সুবিধার উপর জোর দেওয়া হয়।২০১৩ সালের শিল্পনীতিতে পরিকাঠামো উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং শিল্প বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন শিল্পনীতি ও ইজ অব ডুয়িং বিজনেস ব্যবস্থাও চালু হয়।তবে শালবনির জিন্দাল ইস্পাত প্রকল্প ও জামুড়িয়ার ভিডিওকন প্রকল্পের মতো কয়েকটি বড় উদ্যোগ প্রত্যাশিতভাবে এগোয়নি।সিঙ্গুরের টাটা প্রকল্প অবশ্য মমতা মুখ্যমন্ত্রী হওয়ার আগেই রাজ্য ছেড়েছিল।

২০২৬ সালে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের আমলে শিল্পে নতুন করে দেশীয় বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের ছবি দেখা যাচ্ছে। হাওড়ার সাঁকরাইলে প্রায় ৭০০ কোটি টাকার আমুল দুগ্ধ প্রকল্প এগিয়েছে।শিল্পে বিনিয়োগ টানার উদ্যোগের মধ্যেই সম্প্রতি মুম্বইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি ও তাঁর ছেলে অনন্ত অম্বানির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ সেপ্টেম্বর,সোমবার মুম্বইয়ের অ্যান্টিলিয়ায় প্রায় এক ঘণ্টা ধরে এই বৈঠক হয়। বাংলায় রিলায়েন্সের ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে নতুন কোনও নির্দিষ্ট প্রকল্প বা বিনিয়োগের অঙ্ক এখনও ঘোষণা হয়নি।রিলায়েন্সের পাশাপাশি আদিত্য বিড়লা গোষ্ঠীও বাংলায় ব্যবসা সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে। ২০ সেপ্টেম্বর রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে কুমার মঙ্গলম বিড়লার বৈঠক হয়। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথাও সামনে আসে। রাজ্য সরকার আরও ৩৩টি শিল্পপ্রকল্পের জন্য জমি দেওয়ার প্রক্রিয়া এগোনোর কথা জানিয়েছে।

ফলে বর্তমান সরকারের শুরুতেই বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, জমি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ এবং দেশীয় শিল্পকে গুরুত্ব দেওয়ার ছবি সামনে এসেছে। এই উদ্যোগগুলি বাস্তবে কতটা বিনিয়োগ ও কর্মসংস্থানে পরিণত হয়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।অর্থাৎ,বাম আমলের শিল্পসংকট,তৃণমূল আমলের বিনিয়োগবান্ধব নীতি ও প্রকল্প বাস্তবায়নের মিশ্র অভিজ্ঞতার পর বর্তমান সরকারের প্রথম কয়েক মাসে দেশীয় বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ এবং দ্রুত জমি ও প্রশাসনিক প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার ছবি দেখা যাচ্ছে।এই বিনিয়োগের উদ্যোগগুলি বাস্তবে কতগুলি কারখানা,কত বিনিয়োগ এবং কত কর্মসংস্থানে পরিণত হয়—সেটিই আগামী দিনে পশ্চিমবঙ্গের শিল্পনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন