লুডু খেলতে খেলতেই বদলে গেল সব!হাতে উঠল কোদাল,তারপরই মৃত্যু—মিনাখাঁয় চাঞ্চল্য
বসিরহাটের মিনাখাঁর পুটখালিতে লুডু খেলাকে কেন্দ্র করে বচসার জেরে পরাণ মণ্ডল নামে এক প্রৌঢ়কে কোদাল দিয়ে আঘাত করে খুনের অভিযোগ। রাতেই অভিযুক্ত প্রতিবেশী গ্রেফতার।
হাসানুজ্জামান,মানুষের মতামত:সামান্য লুডু খেলাকে কেন্দ্র করে বচসা,আর তার জেরেই প্রতিবেশীকে কোদাল দিয়ে আঘাত করে খুনের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটের মিনাখাঁ থানার পুটখালি এলাকায়। মৃতের নাম পরাণ মণ্ডল (৬৫)। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী সমীর মণ্ডলকে রাতেই গ্রেফতার করেছে মিনাখাঁ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাশে বসে পরাণ মণ্ডল ও সমীর মণ্ডল লুডু খেলছিলেন। অভিযোগ, সেই সময় দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। খেলা চলাকালীন কোনও বিষয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, আচমকাই সমীর একটি কোদাল দিয়ে পরাণ মণ্ডলের মাথার পিছনে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
