স্বরূপনগরে পুলিশের অভিযান,বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার ১২০১ বোতল ফেনসিডিল
বসিরহাটের স্বরূপনগর সীমান্তে পুলিশের বিশেষ অভিযানে ১২০১ বোতল ফেনসিডিল উদ্ধার। বাংলাদেশে পাচারের অভিযোগে গ্রেফতার দুই যুবক।বাজেয়াপ্ত বাইক ও চারচাকা গাড়ি।
হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তের স্বরূপনগরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হয়েছে। বাংলাদেশে পাচারের আগেই গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে গোবিন্দপুরের ধোপাপুকুর সংলগ্ন এলাকা থেকে ৩০১ বোতল ফেনসিডিল-সহ হাসান গাইনকে গ্রেফতার করা হয়। তাঁর মোটরবাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর বিথারী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে আসাদুল সরদার ওরফে বাবুসোনাকে গ্রেফতার করা হয় এবং একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। দুই অভিযানে মোট ১২০১ বোতল ফেনসিডিল উদ্ধারের কথা জানা গিয়েছে। ধৃতদের মধ্যে হাসান গাইনের বাড়ি তেঁতুলবেড়িয়ায় এবং আসাদুলের বাড়ি বিথারী শেখপাড়ায়। ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হয়েছে। পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
