বেতন নেই,বোনাসও অনিশ্চিত!পুরসভার গেটে তালা ঝুলিয়ে জলপাইগুড়িতে সাফাইকর্মীদের বিক্ষোভ
জলপাইগুড়ি পুরসভায় বকেয়া বেতন, পেনশন ও দুর্গাপুজোর বোনাসের দাবিতে চুক্তিভিত্তিক সাফাইকর্মীদের বিক্ষোভ। পুরসভার গেটে তালা ঝুলিয়ে সামনে আবর্জনা ফেলে প্রতিবাদ।
তপন রায়,মানুষের মতামত:পুজোর মুখে বকেয়া বেতন, পেনশন ও বোনাসের দাবিতে জলপাইগুড়ি পুরসভায় তীব্র বিক্ষোভ চুক্তিভিত্তিক সাফাইকর্মীদের। সোমবার সকালে পুরসভার প্রধান গেটে তালা ঝুলিয়ে সামনে আবর্জনার স্তূপ ফেলে আন্দোলনে নামেন তাঁরা। অভিযোগ, মাসের পর মাস বহু সাফাইকর্মীর বেতন বকেয়া রয়েছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন এবং দুর্গাপুজোর বোনাস নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আন্দোলনকারীদের অভিযোগ, শহর পরিষ্কার রাখতে প্রতিদিন কাজ করলেও সময়মতো বেতন মিলছে না। পুজোর আগে পাওনা মেটানোর নির্দিষ্ট আশ্বাসও দেওয়া হয়নি। এদিন ট্রাক্টর ও অন্যান্য গাড়িতে করে পুরসভার সামনে আবর্জনা এনে ফেলে গেটে তালা ঝোলানো হয়। এর ফলে আধিকারিক ও কর্মীদের একাংশ পুরসভায় ঢুকতে সমস্যায় পড়েন এবং স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। নির্বাচিত বোর্ড না থাকায় সমস্যার সমাধান হচ্ছে না বলেও অভিযোগ সাফাইকর্মীদের। তাঁদের দাবি,দ্রুত বকেয়া মেটানোর ব্যবস্থা করুক প্রশাসন।
