শনিবার, সেপ্টেম্বর 19, 2026
14:41:33 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের আগে প্রতীক-জট,‘খাম’-র পর এবার ‘বাঁশি’ নিয়েও অনিশ্চয়তা!

kolkataরাজনীতি

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে প্রতীক নিয়ে নতুন জট। ঋতব্রত শিবিরের ‘খাম’ প্রতীক ঘিরে প্রশ্নের পাশাপাশি এজেইউপির ‘বাঁশি’ বদলে ‘টেবিল’ হওয়ার জল্পনা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে প্রতীক ঘিরে একের পর এক জটিলতা সামনে আসছে। শুক্রবার নির্বাচন কমিশন তৃণমূলের দুই শিবিরের জন্য নতুন নাম ও প্রতীক চূড়ান্ত করেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির পেয়েছে ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘খাম’ প্রতীক। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নতুন নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’।

কিন্তু ‘খাম’ প্রতীক নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। আইএসএফও দীর্ঘদিন ধরে এই প্রতীক ব্যবহার করে আসছে। নন্দীগ্রাম উপনির্বাচনে আইএসএফ প্রার্থী দেওয়ায় প্রতীক বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইএসএফের পক্ষ থেকে কমিশনে চিঠি দেওয়ার পাশাপাশি প্রয়োজনে আইনি পদক্ষেপের কথাও জানানো হয়েছে।

এদিকে রেজিনগরেও একইভাবে প্রতীক নিয়ে জট। হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি বা এজেইউপি-র প্রার্থী হয়েছেন তাঁর ছেলে গোলাম নবী আজাদ রবিন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দলটি ‘বাঁশি’ প্রতীকে লড়েছিল। কিন্তু উপনির্বাচনের জন্য আগে থেকে কোনও প্রতীক সংরক্ষণ করা হয় না বলে কমিশন জানিয়েছে। ফলে এবার ‘বাঁশি’ প্রতীক পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিকল্প হিসেবে ‘টেবিল’ প্রতীক চাওয়া হয়েছে বলেও সূত্রের খবর। ফলে ভোটের আগেই নন্দীগ্রাম ও রেজিনগরে প্রতীক নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

Share with