শ্রমিক-কৃষক-ছাত্রদের দাবিতে মিছিল, চন্দ্রকোনা রোডে সিপিএম-বিজেপি মুখোমুখি
শ্রমিক,কৃষক ও ছাত্রদের দাবিতে সিপিএমের মিছিল ঘিরে চন্দ্রকোনা রোডে উত্তেজনা। বিজেপির বাধা ও কর্মীদের মারধরের চেষ্টার অভিযোগ সিপিএমের।পাল্টা অভিযোগ বিজেপিরও।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:শ্রমিক,কৃষক ও ছাত্রদের একাধিক দাবিকে সামনে রেখে সোমবার চন্দ্রকোনা রোড ও বাহড়াশোল এরিয়া কমিটির উদ্যোগে মিছিলের আয়োজন করে সিপিআইএম। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য নেতা শতরূপ ঘোষ-সহ জেলা নেতৃত্ব ও দলীয় কর্মী-সমর্থকরা।
অভিযোগ, মিছিল চলাকালীন বিজেপি কর্মীরা তাতে বাধা দেওয়ার চেষ্টা করেন। সিপিআইএমের দাবি, দলের কর্মীদের মারধরেরও চেষ্টা করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। সিপিআইএম নেতা শতরূপ ঘোষ কটাক্ষ করে বলেন, “লাল পতাকা দেখে যেমন ষাঁড় ক্ষিপ্ত হয়, বিজেপিও তেমনই খেপে উঠেছিল। তবে মানুষের ভিড় দেখেই তারা পিছু হঠেছে।”
যদিও সিপিআইএমের অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে বিজেপি। তাদের বক্তব্য, রাস্তার পাশে থাকা বিজেপি কর্মীরা শতরূপ ঘোষকে দেখে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতেই সিপিআইএম সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে তাঁদের উপর চড়াও হন।
দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
