মুর্শিদাবাদে বোমার তাণ্ডব! জুয়ার আসরে পুলিশের হানা, হামলায় আহত একাধিক পুলিশকর্মী
মুর্শিদাবাদের সালারের খাড়েরা গ্রামে বেআইনি জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে বোমাবাজির মুখে পুলিশ।বোমার আঘাতে এএসআই সাদেক আলী-সহ ৪ পুলিশকর্মী আহত। আটক কয়েকজন।

আমিনুল হক,মানুষের মতামত: মুর্শিদাবাদের সালার থানার খাড়েরা গ্রামে বেআইনি জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে বোমাবাজির মুখে পড়ল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ সেখানে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।
পুলিশের দাবি, অন্ধকারের সুযোগ নিয়ে একদল দুষ্কৃতী পুলিশকর্মীদের লক্ষ্য করে পরপর বোমা ছুড়তে শুরু করে। একের পর এক বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় সালার থানার এএসআই সাদেক আলী গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনায় আরও দুই এএসআই এবং এক সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং জুয়ার আসরের নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে সালার থানার পুলিশ।
