গলি-ঘুপচিতে এবার পুলিশের সাইকেল! এগরায় চালু ‘সাইকেল প্রহরী’
চার চাকা যেখানে পৌঁছতে পারে না, এবার সেখানে সাইকেলে পুলিশ! এগরা শহরে চালু হল ‘সাইকেল প্রহরী’। সরু গলি ও ঘিঞ্জি এলাকায় অপরাধ দমন, নারী নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষায় চলবে নিয়মিত সাইকেল টহল।

রাজকুমার বেরা,মানুষের মতামত:যানজট এড়িয়ে শহরের সরু গলি ও আনাচে-কানাচে আরও কার্যকর নজরদারি চালাতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এগরা থানার উদ্যোগে সোমবার আনুষ্ঠানিকভাবে চালু হল ‘সাইকেল প্রহরী’ পরিষেবা।
এগরা থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পরিষেবার সূচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখার্জি। উপস্থিত ছিলেন এগরা থানার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়, এসডিপিও সৌভিক পাত্র, সিআই পার্থ বিশ্বাস-সহ পুলিশের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের এমন বহু সরু গলি ও ঘিঞ্জি এলাকা রয়েছে যেখানে চার চাকার গাড়ি বা ভারী যান নিয়ে নিয়মিত টহল দেওয়া কঠিন। সেইসব এলাকায় অপরাধ দমন ও দুষ্কৃতীদের গতিবিধির উপর নজর রাখতেই এই সাইকেল বাহিনী গড়ে তোলা হয়েছে।
নিয়মিত সাইকেলে টহল দেওয়ার পাশাপাশি ব্যবসায়ী, বাসিন্দা ও বিশেষ করে মহিলাদের নিরাপত্তায় নজর রাখবেন পুলিশকর্মীরা। পুলিশের দাবি, এই উদ্যোগে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের জনসংযোগও আরও মজবুত হবে।
