বন্ধুকে বাঁচাতে ঝাঁপ, তারপরই নিখোঁজ দু’জন!মহানন্দায় ভয়াবহ পরিণতি
ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে স্নান করতে নেমে প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ দুই ছাত্র। তৃতীয় বন্ধুকে উদ্ধার,নিখোঁজদের সন্ধানে সিভিল ডিফেন্সের তল্লাশি।

তপন রায়,মানুষের মতামত:হোস্টেল থেকে পরিবারের অনুমতি নিয়ে তিন বন্ধু ছুটি কাটাতে বেরিয়েছিল। রবিবার ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে স্নান করতে নেমে প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হয় দুই ছাত্র। কোনওরকমে প্রাণে বেঁচে ফেরে তাঁদের তৃতীয় বন্ধু।
জানা গিয়েছে, তিনজনই ফুলবাড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র এবং হোস্টেলে থেকে পড়াশোনা করত। স্থানীয় জেলেরা জলে না নামার জন্য সতর্ক করলেও সেই পরামর্শ উপেক্ষা করে তারা জলে নামে। আচমকা এক ছাত্র স্রোতে তলিয়ে গেলে তাঁকে বাঁচাতে ঝাঁপ দেন অন্য বন্ধু। এরপর দু’জনই স্রোতের টানে নিখোঁজ হয়ে যায়। তৃতীয় ছাত্রকে উদ্ধার করেন স্থানীয় জেলেরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসিদেওয়া থানার পুলিশ। পরে সিভিল ডিফেন্সের দলও তল্লাশিতে নামে। নিখোঁজ দুই ছাত্রের সন্ধানে মহানন্দা ব্যারেজ এলাকায় জোরদার তল্লাশি চলছে। ছেলের নিখোঁজের খবর পেয়ে মালদা থেকে শিলিগুড়িতে ছুটে এসেছেন এক ছাত্রের মা।
