সৌন্দর্য ব্যবসায় নতুন ইনিংস,‘পিপ বিউটি’-তে বিনিয়োগ তৃপ্তি দিমরির

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:অভিনয়ের পাশাপাশি এবার সৌন্দর্য ব্যবসায়ও পা রাখলেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। সরাসরি গ্রাহকদের কাছে সৌন্দর্যপণ্য পৌঁছে দেওয়া সংস্থা ‘পিপ বিউটি’-তে বিনিয়োগকারী এবং সহ-নির্মাতা হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী।
সংস্থার সঙ্গে যুক্ত হয়ে শুধু বিনিয়োগেই সীমাবদ্ধ থাকছেন না তৃপ্তি। পণ্য তৈরির ভাবনা, ব্র্যান্ডের পরিচিতি এবং ভবিষ্যতের পরিকল্পনাতেও তাঁর সক্রিয় ভূমিকা থাকবে বলে জানা যাচ্ছে। নতুন প্রজন্মের ক্রেতাদের চাহিদা ও সৌন্দর্যচর্চার পরিবর্তনশীল প্রবণতাকে মাথায় রেখেই ব্র্যান্ডটি এগোতে চাইছে।
অভিনয় জগতে জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি তৃপ্তির ব্যবসায়িক উদ্যোগে যোগ দেওয়াকে তাঁর কর্মজীবনের নতুন অধ্যায় হিসেবেই দেখা হচ্ছে। সৌন্দর্য ও জীবনযাপনভিত্তিক বাজারে তাঁর জনপ্রিয়তা ‘পিপ বিউটি’-র ব্র্যান্ড সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
