সাতসকালে হলদিয়ায় বড়সড় বাস দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ব্রজলালচকে সাতসকালে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে গাছে সজোরে ধাক্কা কলকাতাগামী বাসের। অল্পের জন্য রক্ষা যাত্রীরা।

রাজকুমার বেরা,মানুষের মতামত:রবিবার সাতসকালেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ব্রজলালচক এলাকায় বড়সড় বাস দুর্ঘটনা। কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। এরপর সজোরে রাস্তার ধারে থাকা একটি গাছে গিয়ে ধাক্কা লাগে বাসটির।
দুর্ঘটনার পর বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বড়সড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার জেরে কিছুটা যানজটও তৈরি হয় এলাকায়। হলদিয়ার এই গুরুত্বপূর্ণ সড়কে বারবার দুর্ঘটনা ঘিরে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
