মন্দারমণির হোটেলে মধুচক্রের অভিযোগ, গ্রেপ্তার ৩
পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে আটজন মহিলাকে উদ্ধার করা হয়েছে।

রাজকুমার বেরা, মানুষের মতামত: পূর্ব মেদিনীপুরের পর্যটনকেন্দ্র মন্দারমণিতে হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল মন্দারমনি থানার পুলিশ। অভিযানে আটজন মহিলাকেও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে একটি হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার এবং আট মহিলাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মহিলাদের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান ও বিহারের বাসিন্দা রয়েছেন বলে জানা গিয়েছে।ধৃতরা হলেন কাঁথি থানার মহিষাগোট এলাকার গামারতলিয়া গ্রামের শুভঙ্কর প্রধান, অমিতাভ পাত্র এবং সরবেড়িয়া গ্রামের মানষ প্রধান।
শনিবার তাঁদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। আদালত তিন অভিযুক্তকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। উদ্ধার হওয়া আট মহিলাকে হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মন্দারমণিতে এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ করতে অভিযান আরও জোরদার করা হবে।
