শনিবার, সেপ্টেম্বর 12, 2026
17:41:42 | কলকাতা

ফাটল ধরা দেওয়াল, সামনে গভীর পুকুর—আতঙ্কের অঙ্গনওয়াড়ি কেন্দ্র

জেলা ভিত্তিক সংবাদ

চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কুয়াপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়াল ও পিলারে বড় ফাটল। সামনে গভীর পুকুর, চারপাশে ঝোপঝাড়। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের ৫৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। কেন্দ্রের দেওয়াল ও পিলারে বড় বড় ফাটল দেখা দিয়েছে। তার সামনেই রয়েছে গভীর পুকুর। চারপাশ ঝোপঝাড়ে ভরে থাকায় পরিবেশও অস্বাস্থ্যকর বলে অভিযোগ স্থানীয়দের।

এই কেন্দ্রেই প্রায় ৯০ জন শিশু ও গর্ভবতী মহিলার জন্য পুষ্টিকর খাবার তৈরি করা হয়। পাশাপাশি ছোট শিশুদের পড়াশোনাও চলে এখানে। ফলে কেন্দ্রের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বাড়ছে!স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাগুলি চোখের সামনে থাকলেও আগের সরকারের সময়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এবার নতুন সরকারের আমলে দ্রুত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির সংস্কার ও পরিবেশ পরিষ্কার করার দাবি জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসীর আরও অভিযোগ, কেন্দ্রটি বন্ধ হওয়ার পর সেখানে অনেক সময় নেশার আসর বসে। ফলে শিশুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। অভিভাবক ও স্থানীয়দের দাবি,দ্রুত কেন্দ্রটির সংস্কার করে শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা হোক।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।