তিন বছর ধরে দুর্ভোগ, থমকে সেতুর কাজ,জীবনের ঝুঁকি নিয়ে পারাপার ছাত্র-ছাত্রীদের—ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী
পাঁশকুড়ার হাতিশালে তিন বছর ধরে ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার।পাকা সেতুর কাজও এক বছর ধরে বন্ধ। বাধ্য হয়ে লোহার পাইপের উপর দিয়ে স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষের যাতায়াত।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট গ্রাম পঞ্চায়েতের হাতিশাল এলাকায় দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় কাঠ ও বাঁশের সেতু দিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। বর্ষায় খালে জল বাড়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। স্কুল পড়ুয়াদেরও প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এই সেতুর কারণে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। বাইক আরোহী ও পড়ুয়াদের কেউ কেউ সেতু থেকে নিচে পড়েও গিয়েছেন। প্রায় এক বছর আগে পাশেই একটি পাকা সেতুর নির্মাণকাজ শুরু হলেও বর্তমানে তা বন্ধ হয়ে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আগের সরকারের আমলে শুরু হওয়া কাজ দীর্ঘদিন ধরে থমকে থাকায় দুর্ভোগ বাড়ছে। তাঁদের দাবি, দ্রুত পাকা সেতুর নির্মাণকাজ শেষ করতে হবে। আপাতত পড়ে থাকা লোহার পাইপ বিছিয়ে পারাপারের ব্যবস্থা করেছেন বাসিন্দারা। তবে নিরাপত্তার কারণে ওই পথে বাইক চলাচল বন্ধ রাখা হয়েছে।
