বৃহস্পতিবার, সেপ্টেম্বর 10, 2026
16:53:06 | কলকাতা

সাইকেলে চোলাই, পুলিশের ভয়ে ফিল্মি কায়দায় নদীতে ঝাঁপ;পিছু নিয়ে সাঁতরে ধরল আবগারি দফতর!

জেলা ভিত্তিক সংবাদ

ঘাটালে আবগারি দফতরের অভিযানে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা চোলাই পাচারকারীর। সাঁতরে পিছু নিয়ে একজনকে গ্রেফতার, উদ্ধার ৯০০ লিটার চোলাই মদ ও পাঁচটি সাইকেল। বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সিনেমার দৃশ্যের মতো নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হল না। আবগারি দফতরের কর্মীরাও নদীতে নেমে সাঁতার কেটে এক চোলাই মদ পাচারকারীকে ধরে ফেললেন। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৯০০ লিটার চোলাই মদ, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ লক্ষ টাকা। পাশাপাশি পাঁচটি সাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।

ঘটনাটি ঘাটাল ব্লকের মনসুকা এলাকার দীর্ঘগ্রামের। অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে চোলাই মদের কারবার চলছিল। বিষয়টির উপর নজর রাখছিল আবগারি দফতর। বুধবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে ঘাটাল আবগারি দফতরের ওসি সুভাষ হালদারের নেতৃত্বে কর্মীরা ছদ্মবেশে এলাকায় অভিযান চালান।

অভিযানের খবর কারবারিদের কাছে পৌঁছে যায় বলে অভিযোগ। এরপর কয়েকজন পাচারকারী সাইকেলে থাকা ব্যাগ ভর্তি চোলাই মদ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তাঁদের পিছু নেন আবগারি দফতরের কর্মীরাও। সাঁতার কেটে গিয়ে একজনকে ধরে ফেলেন তাঁরা। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতকে বৃহস্পতিবার ঘাটাল আদালতে তোলা হবে। এলাকায় চোলাই মদের বেআইনি কারবার বন্ধ করতে আগামী দিনেও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ওসি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।