বুধবার, সেপ্টেম্বর 9, 2026
18:37:55
| কলকাতা

রেজিনগরে ভোটের ঝাঁঝ!‘বুথ কর্মীরাই তারকা’ছেলে,প্রশাসনের বিরুদ্ধে সরব বাবা

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

রেজিনগর উপনির্বাচনে প্রথম দিনেই মনোনয়ন গোলাম নবি আজাদের। ‘বুথ কর্মীরাই শক্তি’ বার্তা তাঁর। অন্যদিকে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব বাবা হুমায়ুন কবীর।

আমিনুল হক,মানুষের মতামত:রেজিনগর উপনির্বাচনের লড়াইয়ে প্রথম দিনেই শক্তি প্রদর্শন আম জনতা উন্নয়ন পার্টির।প্রথম দিনেই দলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ। মনোনয়ন জমা দেওয়ার পরই সরাসরি বিজেপিকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করে লড়াইয়ের সুর চড়িয়ে দিলেন তিনি।

প্রচারের কৌশল নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন গোলাম নবি।তাঁর দাবি, প্রচারে কোনও সেলিব্রিটি বা পরিচিত মুখকে আনার প্রয়োজন নেই। বুথ ও অঞ্চল স্তরের নেতা-কর্মীরাই তাঁর প্রচারের আসল শক্তি। গোলাম নবির কথায়, দলের সাধারণ কর্মীদের উপরই তিনি পুরোপুরি ভরসা রাখছেন। পাশাপাশি বাবা হুমায়ুন কবীরের উপস্থিতি এবং তাঁর রাজনৈতিক অভিজ্ঞতাই জয়ের পথে বড় শক্তি বলেও দাবি করেন তিনি।

তবে গোলাম নবির মনোনয়নের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন হুমায়ুন কবীর। সাংবাদিকদের সামনে সরাসরি রেজিনগর ও শক্তিপুরের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি। হুমায়ুনের বিস্ফোরক দাবি, প্রশাসনের একাংশ বিজেপির হয়ে কার্যত মাঠে নেমে পড়েছে। তাঁর অভিযোগ, সাধারণ প্রশাসনিক দায়িত্বের বাইরে গিয়ে বিজেপিকে সুবিধা করে দেওয়ার মতো ভূমিকা নিচ্ছে প্রশাসনের একাংশ।

যদিও হুমায়ুনের এই অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। ফলে তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চাপানউতোর।

আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ এবং ৯ অক্টোবর গণনা। তার আগেই রেজিনগরে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। একদিকে বিজেপিকে প্রধান প্রতিদ্বন্দ্বী বলে আক্রমণ গোলাম নবির, অন্যদিকে প্রশাসনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে পাল্টা চাপ তৈরি করছেন হুমায়ুন কবীর। ফলে ভোটের লড়াই শুধু প্রার্থী বনাম প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ থাকছে না—প্রশাসনের ভূমিকা, বুথের সংগঠন এবং স্থানীয় কর্মীদের শক্তিও হয়ে উঠছে প্রচারের অন্যতম বড় ইস্যু।এখন দেখার, হুমায়ুন-পুত্রের স্থানীয় কর্মীনির্ভর প্রচারের কৌশল এবং হুমায়ুন কবীরের প্রশাসন-বিরোধী আক্রমণ রেজিনগরের ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।