মিলনরত পথকুকুরকে চপারের কোপ!রক্তাক্ত প্রাণী উদ্ধার,গ্রেপ্তার অভিযুক্ত মানিক
তাহেরপুরে মিলনরত পথকুকুরকে চপার দিয়ে হামলার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।ঘটনায় অভিযুক্ত মাংস ব্যবসায়ীকে গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে।

স্নেহাশীষ মুখার্জী,মানুষের মতামত:নদীয়ার তাহেরপুরে মিলনরত পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠল এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে। তাহেরপুর মাছ বাজারের কাছে প্রজননরত একটি পুরুষ কুকুরের জননাঙ্গে মাংস কাটার চপার দিয়ে কোপ মারে বি ব্লকের বাসিন্দা মানিক দাস। হামলায় ঘটনাস্থলেই রক্তে ভেসে যায় চারপেয়েটি।
খবর পেয়ে দ্রুত তাহেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং রক্তাক্ত কুকুরটিকে উদ্ধার করে পশু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসকেরা জানান, সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণহানি ঘটতে পারত। বর্তমানে পুলিশের তত্ত্বাবধানেই তার চিকিৎসা চলছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত মানিক দাস এলাকা ছেড়ে চম্পট দিলেও গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রাণী নির্যাতন দমন আইনে কঠোর মামলা রুজু করে তাকে রানাঘাট মহকুমা আদালতে পাঠায় তাহেরপুর থানার পুলিশ।
