রতুয়ায় গঙ্গার তাণ্ডব! নদীগর্ভে প্রাচীন শিব মন্দির,আতঙ্কে গ্রামবাসী
রতুয়ায় গঙ্গার ভয়াবহ ভাঙনে নদীগর্ভে তলিয়ে গেল দেড়শো বছরের প্রাচীন শিব মন্দির। চোখের সামনে মন্দির হারিয়ে কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা, আতঙ্কে স্থানীয় মানুষ।

গঙ্গার ভয়াবহ ভাঙনের জেরে নদীগর্ভে তলিয়ে গেল দেড়শো বছরের এক প্রাচীন শিব মন্দির। রবিবার মালদার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের মুলিরামটোলা এলাকায় এই চরম বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদের চোখের সামনেই আস্ত মন্দিরটি হুড়মুড়িয়ে গঙ্গার প্রবল স্রোতে বিলীন হয়ে যায়।বিগত বেশ কিছুদিন ধরেই মহানন্দটোলা পঞ্চায়েতের জিতুটোলা ও মুলিরামতলা সহ সংলগ্ন এলাকাগুলিতে গঙ্গার তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। বিঘের পর বিঘে চাষের জমি ও বসতবাড়ি ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে। গ্রামের একমাত্র এই প্রাচীন শিব মন্দিরটিকে বাঁচাতে শেষমুহূর্তে বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু গঙ্গার তীব্র জলোচ্ছ্বাসের সামনে সেই চেষ্টা ব্যর্থ হয়।চোখের সামনে নিজেদের আবেগ ও আস্থার প্রতীক ভেঙে পড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন এলাকার মানুষ। অসহায় গ্রামবাসীদের অনেকেই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ‘জয় ভোলেনাথ’ ধ্বনি দিয়ে হাহাকার করতে থাকেন।মন্দিরটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার পর মুলিরামটোলা জুড়ে তীব্র শোকের ছায়া নেমে এসেছে। সেই সঙ্গে ভাঙনের গতি যেভাবে বাড়ছে, তাতে নিজেদের ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা হারানোর আশঙ্কায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
