সোমবার, সেপ্টেম্বর 7, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
জেলা ভিত্তিক সংবাদ

ভাইঝি সাজিয়ে নিজের স্ত্রীকেই বিয়ে!দেগঙ্গায় ‘আজব’ প্রতারণায় গ্রেফতার দম্পতি

দেগঙ্গার কলসুরে চাঞ্চল্য! স্ত্রীকে কখনও ভাইঝি, কখনও মেয়ে সাজিয়ে বিয়ে দিয়ে পাত্রপক্ষের টাকা, সোনা-গয়না হাতানোর অভিযোগ। নববিবাহিতের অভিযোগে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত:দেগঙ্গার কলসুর এলাকায় বিয়েকে ঘিরে চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক অবিবাহিত যুবক ঘটকের মাধ্যমে এক তরুণীর ছবি দেখে বিয়েতে রাজি হন। পরে মন্দিরে ধুমধাম করে তাঁদের বিয়ে হয়। কনের কাকা পরিচয়ে এক ব্যক্তি কন্যা সম্প্রদান করেন।

কিন্তু বিয়ের পরদিনই নববিবাহিত যুবক জানতে পারেন, ওই ‘কাকা’ আসলে তাঁর স্ত্রীয়ের স্বামী! এমনকি তাঁদের দুই মেয়ের বিয়েও হয়ে গিয়েছে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হলে গ্রামে সালিশি বসে। পরে নববিবাহিত যুবক পুলিশের দ্বারস্থ হন।

অভিযোগ,ওই ব্যক্তি কখনও স্ত্রীকে ভাইঝি, আবার কখনও মেয়ে পরিচয় দিয়ে বিভিন্ন পাত্রের সঙ্গে বিয়ে দিতেন। এরপর পাত্রপক্ষের কাছ থেকে টাকা, সোনা ও গয়না হাতিয়ে নেওয়া হত বলে অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে বারাসত মহকুমা আদালতে পাঠিয়েছে। ঘটনায় তদন্ত চলছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।