টাকি-হাসনাবাদের নামী হোটেল কি নিরাপদ? খাদ্য দপ্তরের হানায় উঠল বড় প্রশ্ন
টাকি-হাসনাবাদে খাদ্য দপ্তরের অভিযানে পচা মাংস, মেয়াদোত্তীর্ণ খাবার ও বেআইনি ফুড কালার উদ্ধার।একাধিক রেস্তোরাঁ বন্ধ,হোটেলকে নোটিশ এবং গেস্ট হাউস সাতদিন বন্ধের নির্দেশ।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বাইরে ঝকঝকে সাজসজ্জা, ভিতরে খাবারের মান নিয়ে গুরুতর অভিযোগ! রবিবার টাকি ও হাসনাবাদ এলাকায় একাধিক নামী হোটেল ও রেস্তোরাঁয় আচমকা অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। সঙ্গে ছিল টাকি পুরসভা ও হাসনাবাদ থানার পুলিশ।
অভিযানে পচা মাংস, মেয়াদোত্তীর্ণ খাবার, বেআইনি ফুড কালার এবং অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য উদ্ধার হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। কোথাও খাবার সংরক্ষণের পরিবেশ নিয়েও প্রশ্ন ওঠে। অভিযানের পর একাধিক রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়। বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরাঁকে তিন দিনের নোটিশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, টাকি পৌর এলাকার একটি গেস্ট হাউসকে সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে সন্তোষজনক জবাব না মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে খাদ্য দপ্তর।
নামী প্রতিষ্ঠানে এমন অনিয়মের অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগামী দিনে আরও অভিযান হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
