সিকিমে বড়সড় ধস! তিস্তা-চিয়াকুংয়ের জলপ্রবাহে বাধা,আতঙ্ক!
সিকিমের মাঙ্গানে ভয়াবহ পাহাড়ধসে তিস্তা ও চিয়াকুং নদীর জলপ্রবাহ আংশিক বাধাপ্রাপ্ত। প্রাণহানি নেই, পরিস্থিতি নজরে রেখে নিচু এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সিকিমের মাঙ্গান জেলায় তিস্তা ও চিয়াকুং নদীর কাছে বড়সড় ভূমিধসের ঘটনা ঘটেছে। ৫ ও ৬ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে নাগা–তোসা রোডের নতুন রাস্তা কাটার অংশের পাহাড় ধসে পড়ে। থেং টানেলের বিপরীতে তিস্তা ও চিয়াকুং নদীর সঙ্গমস্থলের কাছে এই ধস নামে।
ধসের ফলে দুই নদীর জলপ্রবাহ আংশিকভাবে বাধাপ্রাপ্ত হয়েছে। তবে বর্তমানে তিস্তা নদীর জলপ্রবাহ স্বাভাবিক রয়েছে। নদীতে জল জমলেও দুই নদীই আংশিকভাবে প্রবাহিত হচ্ছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর নেই। সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে নজর রাখছেন। সংকটপূর্ণ নিচু এলাকাগুলিকেও সতর্ক করা হয়েছে। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে জেলা প্রশাসন।
