ঘটকপুকুরে চার হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান,প্রশ্নের মুখে লাইসেন্স ও পরিচ্ছন্নতা
ঘটকপুকুরে চার হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। অপরিষ্কার খাবার সংরক্ষণ ও ফুড লাইসেন্স নিয়ে প্রশ্ন ওঠে। প্রয়োজনীয় নথি দেখাতে মালিকদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ভাঙড়ের ঘটকপুকুরে চারটি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। ভাঙড় থানার পুলিশের সহযোগিতায় রবিবার এই অভিযান হয়। আধিকারিকরা ‘ওয়ান বাইট’ রেস্তোরাঁ এবং ‘জমজম বিরিয়ানি’-সহ মোট চারটি প্রতিষ্ঠানে তল্লাশি চালান।
অভিযোগ,‘ওয়ান বাইট’ রেস্তোরাঁয় ডিপ ফ্রিজে চিকেন,আলু,লঙ্কা সস-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী রাখা ছিল। পাশাপাশি কিছু খাবার অপরিষ্কার অবস্থায় খোলা জায়গায় পড়ে থাকতে দেখা যায়। ফ্রিজে রাখা কিছু আলু খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা নষ্ট করে দেন।
অভিযানের সময় রেস্তোরাঁটির ফুড লাইসেন্স নিয়েও প্রশ্ন ওঠে। আধিকারিকদের দাবি, প্রতিষ্ঠানের বৈধ ফুড লাইসেন্স নেই। প্রয়োজনীয় লাইসেন্স ও নথিপত্র দেখানোর জন্য মালিককে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
এছাড়াও খাদ্যসামগ্রী সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং খাদ্য নিরাপত্তার নিয়ম মেনে চলার বিষয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়। অভিযানকে ঘিরে ঘটকপুকুর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
