চার দিন পর স্বস্তির ইঙ্গিত,তবু ১৩ ওয়ার্ড জলবন্দি ঘাটালে
চার দিন পর ঘাটালে বন্যার জল নামতে শুরু করলেও ১৩টি ওয়ার্ড এখনও জলমগ্ন। নৌকোই ভরসা হাজার পরিবারের। স্থায়ী সমাধানের দাবিতে সরব বাসিন্দারা,প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায়।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:চার দিন পর ঘাটালে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার জল। কিন্তু জল কমলেও মানুষের দুর্ভোগ এখনও একই রকম। ঘাটাল পৌরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ড এখনও জলমগ্ন। রাস্তাঘাট ডুবে থাকায় নিত্যপ্রয়োজনে বেরোতে সাধারণ মানুষের ভরসা এখন নৌকো ও ডিঙি। ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকাতেও জলবন্দি অবস্থায় রয়েছেন বহু পরিবার। ঘরের চারপাশে জল,যাতায়াতের সমস্যা
—সব মিলিয়ে চরম কষ্টে দিন কাটছে বাসিন্দাদের। প্রতি বছর বর্ষা এলেই একই সমস্যার মুখে পড়তে হয় ঘাটালবাসীকে। তাই ত্রাণ বা সাময়িক সাহায্যের পাশাপাশি স্থায়ী সমাধানের দাবি উঠছে। বাসিন্দাদের প্রশ্ন, আর কতদিন এভাবে জলবন্দি জীবন কাটাতে হবে? এদিকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। জল নামার অপেক্ষায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইছেন মানুষ।
