চাঁচল থেকে কল্যাণের হুঙ্কার,এবার কি বড় লড়াইয়ের প্রস্তুতি?
চাঁচলে সাংগঠনিক সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণ। দলবদলকারী সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে মালদহে সংগঠন শক্তিশালী করার বার্তা দিলেন তৃণমূল সাংসদ।

স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত:মালদহের চাঁচলে সাংগঠনিক সভা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবারের সভায় তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ জন সাংসদ এবং ঋতব্রতপন্থী বিধায়কদের তীব্র আক্রমণ করেন তিনি। তাঁদের ‘গদ্দার’ বলে কটাক্ষ করে কল্যাণের দাবি, ইতিহাসে মীরজাফরের পর তাঁদের নামও কলঙ্কিত হয়ে থাকবে। চাঁচলের বিধায়ককেও ‘৪২০’ বলে আক্রমণ করেন তিনি। দলবদলকারী সাংসদদের সদস্যপদ খারিজের জন্য আইনি লড়াই চালানোর কথা জানান কল্যাণ। পাশাপাশি ঋতব্রতপন্থী ১২ জন বিধায়কের বিরুদ্ধেও আগামী সপ্তাহে আদালতে যাওয়ার কথা বলেন। সভায় চাঁচল, মালতীপুর ও রতুয়ার তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁর দাবি, মুর্শিদাবাদ ও বাঁকুড়া গুছিয়ে এবার মালদহেও সংগঠন শক্তিশালী করা হচ্ছে। আগামী মাসে দক্ষিণ মালদহে সভার কথাও জানান তিনি। আগামী লোকসভা নির্বাচনে মালদহের দুই আসন-সহ রাজ্যের ৪২টি আসনেই ইন্ডিয়া জোট জিতবে বলেও দাবি করেন কল্যাণ।
