ট্রেন বন্ধে নাকাল যাত্রী, শিলিগুড়ি থেকে কলকাতায় বাড়ছে বাস! ভাড়া বাড়ালে কড়া ব্যবস্থা
ট্রেন বাতিলের জেরে শিলিগুড়ি-কলকাতা যাত্রায় বাসেই ভরসা যাত্রীদের। ভাড়া না বাড়ানোর কড়া নির্দেশ প্রশাসনের। এনবিএসটিসি-সহ বেসরকারি বাসের অতিরিক্ত পরিষেবা চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ট্রেন পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিলিগুড়ি থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গগামী যাত্রীদের বড় ভরসা হয়ে উঠেছে বাস পরিষেবা। একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে জরুরি বৈঠক করে প্রশাসন। উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ি পুলিশ কমিশনার, ট্রাফিক দফতর, পরিবহন আধিকারিক, পর্যটন দফতর, বাস মালিক, ট্রাভেল অপারেটর ও বুকিং এজেন্টদের প্রতিনিধিরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, ট্রেন বাতিলের সুযোগ নিয়ে কোনওভাবেই বাসের ভাড়া বাড়ানো যাবে না। নির্ধারিত ভাড়াই নিতে হবে বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। বাস মালিক সংগঠনও সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে। পাশাপাশি এনবিএসটিসির নিয়মিত পরিষেবার সঙ্গে অতিরিক্ত বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি পরিবহন মিলিয়ে দ্রুত যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
