স্কুলের মাঠ,নাকি পুকুর?নিকাশি ব্যবস্থার হাল বেহাল: হাঁটু-কোমর জলে স্কুলে পড়ুয়ারা
মিনাখার জয়গ্রাম স্কুল চত্বরে হাঁটু-কোমর জল। কোলে সন্তান নিয়ে স্কুলে পৌঁছচ্ছেন অভিভাবকরা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত: দীর্ঘদিনের জলাবদ্ধতায় ক্ষুব্ধ অভিভাবকরা দ্রুত নিকাশি ব্যবস্থার দাবি তুলেছেন।উত্তর ২৪ পরগনার মিনাখার জয়গ্রাম এলাকার জয়গ্রাম নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে জলমগ্ন পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়ুয়া ও অভিভাবকরা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে স্কুল চত্বরে কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান জল জমেছে। সেই জল পেরিয়েই স্কুলে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের। অনেক অভিভাবক সন্তানদের কোলে করে স্কুলে নিয়ে যাচ্ছেন এবং ছুটির পর বাড়ি ফিরিয়ে আনছেন। আবার মাথায় ব্যাগ নিয়ে জল পেরিয়ে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরেই বৃষ্টি হলেই একই সমস্যার সৃষ্টি হয়। স্থানীয় পঞ্চায়েতে বারবার জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নতি ও স্কুলের পরিবেশ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।
