মোবাইল-নেশার ফাঁদ থেকে বেরিয়ে দেশ গড়ার ডাক: ময়নাগুড়িতে RSS-র যুব সংকল্প সভা!
ময়নাগুড়িতে RSS-এর শতবর্ষ উপলক্ষে যুব সংকল্প সভা। ১৫২৫ জনের উপস্থিতিতে মোবাইল-নেশার আসক্তি ছাড়ার আহ্বান, শারীরিক-মানসিক বিকাশ ও দেশ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার বার্তা।

নাজমুল হাসান,মানুষের মতামত: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শতবর্ষ পূর্তি উপলক্ষে শনিবার ময়নাগুড়িতে আয়োজিত হল বিশেষ ‘যুব সংকল্প সভা’। ময়নাগুড়ি ১ খণ্ডের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১৫২৫ জনের উপস্থিতি লক্ষ্য করা যায়। যুবসমাজকে গঠনমূলক কাজে যুক্ত করা,তাঁদের শারীরিক ও মানসিক বিকাশ এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার বিষয়ে সভা থেকে বার্তা দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, RSS-এর শতবর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ২০২৫ সাল থেকে শুরু হয়েছে এবং ২০২৬ সালেও তা অব্যাহত রয়েছে। ময়নাগুড়ি ১ খণ্ডের এদিনের যুব কর্মসূচিটি ছিল ধারাবাহিক কর্মসূচির ষষ্ঠ পর্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ময়নাগুড়ি ১ খণ্ডের কার্যবাহ কৌশিক রায় বলেন,বর্তমান সময়ে মোবাইল, প্রযুক্তি ও নেশার আসক্তিতে যুবসমাজের একাংশ জড়িয়ে পড়ছে। এই প্রবণতা থেকে তাঁদের বের করে সমাজ ও দেশের কল্যাণে গঠনমূলক কাজে যুক্ত করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। যুবকদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ, শক্তিশালী এবং দায়িত্বশীল হয়ে ওঠার আহ্বান জানানো হয়।
এদিনের সভায় ভারতকে শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। ১৫২৫ জনের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান ঘিরে ছিল উৎসাহ ও উদ্দীপনা।
